২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব শিশুর জন্য একই শিক্ষা পদ্ধতি চালু হবে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক স্তরে সবার জন্য একই ধরনের শিক্ষা পদ্ধতি চালু করে বৈষম্য দূর করার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরে সবার জন্য একই ধরনের শিক্ষা পদ্ধতি চালু করে বৈষম্য দূর করার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "প্রাথমিক স্তরে বর্তমানে ১১ ধরনের শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। এতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। আমরা এ বৈষম্য দূর করতে চাই। তাই সব শিশুর জন্য একক পদ্ধতির শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের কর্মসূচি হাতে নিয়েছি আমরা।" শুক্রবার রাজধনীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন 'খেলাঘর' এর ৫৭ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বইয়ের অভাবে শিশুদের ঝরে পড়া ঠেকানোর ব্যবস্থা করা হবে প্রতিশ্র"তি দিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, "সবশিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। আমরা শিক্ষকদের উপযুক্ত বেতন ও মর্যাদা দিতে পারি না। এ সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবো।" খেলাঘরের দীর্ঘ পথযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও তাদের মনন বিকাশে খেলাঘর শুরু থেকেই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম এবং সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী বক্তব্য রাখেন। শিশুদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ১৯৫২ সালের ২ মে আত্মপ্রকাশ করে খেলাঘর। প্রথমে দৈনিক সংবাদে সপ্তাহে একদিন 'খেলাঘর' নামে একটি পাতার মাধ্যমে এর কার্যক্রম শুরু হলেও পরে এটি বিস্তৃতিলাভ করে। বর্তমানে সারাদেশে প্রায় ৩০০ টি খেলাঘর আসর রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এইচএ/২৩০০ঘ.