মুন্সীগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার নতুন গোসাইচর গ্রামে শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে।
র্যাবের ভাষ্যমতে, অলি মিয়া (৬০) ও কফিলউদ্দিন (৫৫) নামে দুই সহোদরকে আটক করা হয়েছে। এরা ডাকাত দলের সদস্য।
এদের মধ্যে অলি মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। কফিলউদ্দিনও আহত। তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর আহতদের নাম জানাননি র্যাব কর্মকর্তারা।
র্যাব-১১ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে মেজর কাজী আশরাফের নেতৃত্বে র্যাব সদস্যরা গোসাইচার গ্রামে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
তিনি জানান, দুপক্ষের মধ্যে অন্তত ১২ রাউন্ড গোলাগুলি হয়। পরে আহতাবস্থায় দুই ডাকাতকে পাকড়াও করা হয়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি রাম দা ও দুই রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান।
এদিকে, বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতসহ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. লালন এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24