সাভার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় দুশ' শ্রমিককে আসামি করে বৃহস্পতিবার রাতে একটি মামলা হয়েছে।
শুক্রবার ভোরে হেমায়েতপুর এলাকা থেকে এজাহারভুক্ত ছয় শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদীয়া গ্র"পের প্রতিষ্ঠান মোহাম্মদীয়া ফ্যাশনস ২০০০ লিমিটেড নামের পোশাক কারখানা গত বুধবার সকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো কারখানাটি পুড়ে যায়।
এ ঘটনার এক দিন পর বৃহস্পতিবার গভীর রাতে কারখানার ব্যবস্থাপক আহম্মেদ মোস্তফা শমসের সাভার থানায় একটি মামলা (নং-৭৬) করেন।
মামলায় ৫৩ জনের নাম উল্লেখসহ দুশ' জন শ্রমিককে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্বাস (১৯), জাকির (২৫), শাহীন (২৬), রশিদ (২৮), ডাবলু (২৬) ও রুহুল আমিন (৩২)।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ৭/৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। রাতে হেমায়েতপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হবে বলেও এসআই আজিজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24