চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সর্বশেষ চুরির পর এবার সস্ত্রীক হজে যাওয়ার ইচ্ছা ছিল চোর সর্দার তাজু'র। তবে তার সে ইচ্ছা ভণ্ডুল করে দিয়েছে পুলিশ।
ওই চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ তার খোঁজ পায়। মঙ্গলবার গভীর রাতে জেলার লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আন্ত:জেলা চোরচক্রের এ সর্দারকে গ্রেপ্তার করা হয়।
খুচরা তেল বিক্রেতা থেকে চোরদলের সর্দারে পরিণত হওয়া তাজুল ইসলাম ওরফে তাজু (৩৩) চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংলগ্ন বিভিন্ন দোকান এবং নগরীর বিভিন্ন এলাকায় চুরির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
গত চার-পাঁচ বছরে তিনি ও তার সহযোগীরা সহস্রাধিক চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাজু।
মঙ্গরবার গ্রেপ্তারের সময় তাজুর পরনে ছিল নগরের সিটি সেন্টার সুপার স্টোর থেকে চুরি করা পাজামা-পাঞ্জাবী। গত ১৫ মে এ শপিং মলে চুরিতে নেতৃত্ব দেন তিনি।
পুলিশ এ ঘটনা তদন্তের এক পর্যায়ে গত মঙ্গল ও বুধবার দু'দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাজু ও তার দশ সহযোগীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাজুর ভাই সেলিম (৪৪), মামুন ওরফে মধু (১৯), ফখরুল হায়দার ওরফে ফকু (৪০), সাগর (২৬), আক্তার হোসেন (৩০), বাবুলকে (২২), মিজানুর রহমান ওরফে মিন্টু (৩৩), মজিবর রহমান মুজিব (৩০), বাবলু (২২) ও শাহদাত হোসেন রুবেল (২১)।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির আয় থেকেই তাজু চুরির কাজে ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস এবং তিনটি ট্রাক কিনেছেন।
তিনি জানান, মাইক্রোবাস ও একটি ট্রাক ছাড়াও এ দলের সদস্যদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার আধুনিক সরঞ্জাম, তিন লাখ টাকার চোরাই মালামাল এবং ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
তাজু সাংবাদিকদের জানান, সে পেশা ছেড়ে দিতে চেয়েছিল। ১৫ মে'র চুরির ঘটনার পর আর চুরি করবেন না বলে সিদ্ধান্ত নেন। স্ত্রীকে নিয়ে হজ করে এসে ভালভাবে জীবনযাপনের পরিকল্পনাও ছিল তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/০০৩১ ঘ.
bdnews24