২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্যাতনে সহায়তার অভিযোগ

সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশে আটক ছিলেন এমন এক ব্রিটিশ নাগরিক তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তার কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। ওই ব্যক্তির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 08:51 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশে আটক ছিলেন এমন এক ব্রিটিশ নাগরিক তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তার কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। ওই ব্যক্তির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক সরকারি কর্মকর্তা জামিল রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশের নিরাপত্তাবাহিনীর কর্মীরা তাকে আটক করে মারধর করেছিল। একই সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ কর্মকর্তারা। জামিল দাবি করেন, অত্যাচারের মুখে তিনি নিজেকে ২০০৫ সালে লন্ডনে বোমা হামলার মূল ষড়যন্ত্রকারী বলে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জামিল রহমানের আইনজীবীরা লিখিতভাবে অভিযোগ করেছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, জামিল রহমান নির্যাতন, বেআইনিভাবে আটক ও বন্দি করে রাখার অভিযোগ করেছেন । জামিল জানিয়েছেন, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে ২০০৫ সালের ডিসেম্বরে আটক করে। তারা তাকে বিবস্ত্র করে মারধর করে। তিনি দাবি করেন, এন্ড্রু এবং লিয়াম নামের দুই ব্যক্তি নিজেদের এমআইফাইভ সদস্য পরিচয় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। জামিল বলেছেন, দুই বছর পর তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যে এমআইফাইভ এবং স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে। গার্ডিয়ান জানায়, জামিল রহমানের আইনজীবী দাবি করেছেন, নির্যাতনের প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসার কাগজপত্রসহ তাদের কাছে অন্যান্য প্রমাণ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩২৫ ঘ.