ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি নিবন্ধন ও হস্তান্তরে হয়রানি বন্ধে একমুখী ব্যবস্থা (ওয়ান স্টপ সার্ভিস) চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের কার্যালয়ে বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এ ব্যাপারে বুধবারই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে আলোচনা করা হয়েছে। আলোচনায় এক চালানে (ফরম) এ সংক্রান্ত সব কর ও ফি আদায়ের ব্যবস্থা রাখার প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, এতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। কর ও ফি ফাঁকি দেওয়ার প্রবণতাও কমে আসবে। একইসঙ্গে ভূমি নিবন্ধন অফিসগুলোতে দালাল ও হয়রানিকারীদের দৌরাত্ম্যও কমবে।
মন্ত্রী জানান, সরকার ভূমি নিবন্ধন কর ও ফি কমানোর ব্যাপারেও উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় এ বিষয়টিও এসেছে। তাদের সিদ্ধান্তের পরই এ ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
ভূমিমন্ত্রী আরো জানান, সরকার আগামী ২০১৪ সালের মধ্যে দেশের সব পর্যায়ের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ্ড করবে। এজন্য ইতোমধ্যে আসন্ন বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব গৃহীত হলেই ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ্ড করার কাজ শুরু হবে।
তবে মন্ত্রণালয় ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি জেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কাজ চালাতে শুরু করেছে বলেও তিনি জানান।
অর্থ মন্ত্রণালয়ে ওই বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও সাংবাদিকদের ভূমি নিবন্ধন ফি কমানোর কথা জানান। তিনিও এর মাধ্যমে দুনীতি কমানো সম্ভব হবে বলে মত দেন। এর আগে গত ২২ এপ্রিলও ভূমি নিবন্ধন কর কমানো হবে বলে জানিয়েছিলেন মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/এসকে/২৩১২ঘ.
bdnews24