সাভার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ঃ সাভারে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
নবীনগর-কালিয়াকৈর সড়কের সাভারের বাড়ইপাড়া বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ঘে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসটির চালক আরিফুল ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার জার্মুকি গ্রামের সাইফুল ইসলাম (৩২), তার দুই বোন নাজমা বেগম (৪০) ও শেফালী বেগম (৩৮) এবং শেফালী বেগমের মেয়ে অ্যানী (১৫) মারা যান।
সকাল সোয়া ৭টার দিকের এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসটির আরও পাঁচ আরোহী। তারাও নিহতদের আত্মীয়। তাদের সাভারের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জাপুরের জামুর্কি গ্রাম থেকে একই পরিবারের নয়জনকে নিয়ে মাইক্রোবাসটি জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে উদ্দেশে রওনা করে। তারা তাদের এক বিদেশ ফেরত স্বজনকে আনতে যাচ্ছিলেন।
এসআই সাদী জানান, সকাল সোয়া ৭টার দিকে মাইক্রোবাসটি নবীনগর-কালিয়াকৈর সড়কের সাভারের বাড়ইপাড়া স্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, "এতে ঘটনাস্থলে এক পরিবারের চারজন ও মাইক্রোবাসটির চালক নিহত হন।"
আহত পাঁচজনের মধ্যে তিনজনকে জিরানীস্থ বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে এবং অপর দুইজনকে সাভার থানা রোড়ের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা আশংকাজনক বলেও জানান এসআই সাদী।
তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে বাসটি এখনও আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৩ ঘ.
bdnews24