২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই'র আরেক সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর লিয়াকতকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর লিয়াকতকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লিয়াকতের গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্ত কাজে চট্টগ্রামে থাকায় এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে পারছেন না বলে তিনি জানান। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি পুলিশ আটক করে। এ মামলায় এর আগে এনএসআই'র সাবেক তিন কর্মকর্তা এবং একজন মাঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) সাহাবউদ্দিন আহমেদের জবানবন্দির ভিত্তিতে গত ১৬ মে গোয়েন্দা সংস্থাটির সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। ২১ মে আব্দুর রহিমকে টাস্কফোর্স ইন্টারোগেশন-টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। মঙ্গলবার তাকে আবার চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ট্রাক ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান চট্টগ্রাম গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া তথ্যে ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এনএসআই'র মাঠ কর্মকতা আকবর হোসেন খানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএসবি/এইচএ/০০১৯ ঘ.