ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় দেড়দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে।
এর মধ্যে রোববার রাত ৮টার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার দুপুর ৩টা থেকে বন্ধ হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
মুন্সীগঞ্জ: মঙ্গলবার দুপুরে থেকে মাওয়া-কারাকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হল। এই রুটের অন্যান্য নৌযানও স্বাভাবিক চলচল শুরু করেছে।
বেলা ১টা ১০ মিনিটে 'ফেরি থোবাল' মাওয়া থেকে প্রথম ছেড়ে যায়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোশারফ হোসেন বলেন, স্থানীয় প্রশাসনের দীর্ঘ প্রচেষ্টার পর মাওয়ার ১ ও ৩ নম্বর ঘাট চালু করা গেছে। তবে পদ্মার প্রচণ্ড ঢেউয়ে নদীর পাড় ভেঙ্গে যাওয়ায় ২ নম্বর ঘাট এখনও চালু হয়নি। তবে কাওড়াকান্দির সব ঘাট সচল রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এসএম আশিকুজ্জামান বলেন, একটি রো রোসহ ১১টি ফেরিই চলাচল করছে। উভয় পাড়ে ৪শ' গাড়ি আটক রয়েছে।
বিকেল সোয়া ৩টায় মাওয়া-কাঁঠালবাড়ি (শরীয়তপুর) রুটে ফেরি চালু হয়। মাওয়া থেকে প্রথম ছেড়ে যায় 'ফেরি যশোর'।
মাদারীপুর: মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে কাওড়াকান্দি-মাওয়া রুটে ফেরি ও লঞ্চসহ নৌযান চলাচল শুরু হয়েছে।
কাওড়াকান্দি ঘাট ইন-চার্জ মো. আলীমুজ্জামান চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টায় মাওয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে ডাম্ব ফেরি থোবাল ও কাওড়াকান্দি ঘাট থেকে ডাম্ব ফেরি রানীগঞ্জ ছেড়ে যায়।
তবে সকাল ৮টায় লঞ্চ এবং সী-বোটগুলোও চলাচল শুরু করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, উভয় ঘাটে শতশত যানবাহন আটকে আছে। এ ছাড়া দু'টি ঘাট পানিতে নিমজ্জিত রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, উভয় পাড়ে হাজার হাজার যাত্রী আটকে পড়ার সুযোগে সী-বোটগুলোর চালকরা ১০০টাকার পরিবর্তে ৫০০টাকা ভাড়া আদায় করায় মাদারীপুর র্যাব-৮ ও পুলিশ মঙ্গলবার সকালে ৭ স্পিডবোট চালক ও স্পিডবোট আটক করেছে।
আটক চালকরা হলেন- সোহাগ হোসেন (২৪), মো. রাশেদ (২১), মো. হামিদুল ইসলাম (২৮), মো. মিঠু (২০), মো. সোহাগ আলী (২৩), মো. বজলু হাওলাদার (২০), মো, আব্দুল খালেক (২৫)।
আটক সবাইকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর বাস মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু ভুঁইয়া জানান, আজ (মঙ্গলবার) সকালে মাদারীপুর থেকে সকল প্রকার দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ।
শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল বিশ্বাস ও উপজেলা আ. লীগ সভাপতি আ. মজিদ জানান, সকালে কাওড়াকান্দি পাড়ে আটকে পড়া যাত্রীদের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা আ. লীগের উদ্যোগে খিচুড়ি ও পাউরুটি কলা বিতরণ করা হয়। যাত্রীদের কাছ থেকে যাতে পণ্যের বাড়তি মুল্য নিতে না পারে সেজন্য সোমবার রাত থেকেই ঘাট এলাকার হোটেলগুলোতে চালানো হয়েছে বিশেষ অভিযান। রাত থেকে যাত্রীসেবা শুরু করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
রাজবাড়ী: মঙ্গলবার ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। সোমবার বিকেল ৩টা থেকে এ রুটে ফেরি পারাপার সম্পুর্ণ বন্ধ হয়ে যায়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দেড় হাজার বিভিন্ন প্রকারের যানবাহন দৌলদিয়া ঘাটে আটকা পড়ে। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর যানবাহনের ভিড় কমে যায়।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ জানান, ৬টি রো রো এবং একটি কে টাইপসহ মোট ৭টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে। আটকে পড়া যানবাহনের সংখ্যা একেবারে কমে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24