ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ মদ রাখার অভিযোগে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মঙ্গলবার জামিন পেয়েছেন।
দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ এএমএম বশির উল্লাহ তাকে জামিন দেন।
এ মামলায় ২০০৭ সালের ২৬ জুন ঢাকার ৪ নম্বর মহানগর সহকারী দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুর পলাতক আনোয়ার হোসেন মঞ্জুকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে মঞ্জুর পক্ষে গত ২৪ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হয়। আগামী ২৮ জুন আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
মঞ্জুর অন্যতম আইনজীবী আবদুল্লা আল মনসুর রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলায় জামিনসহ মঞ্জুর বিরুদ্ধে দায়ের করা চার মামলার মধ্যে তিনটিতে জামিন দেয়া হলো তাকে। চেক প্রতারণা মামলায় জামিন শুনানি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তাই মঞ্জু এখনই কারাগার থেকে বেরোতে পারছেন না।"
জামিন আবেদনে বলা হয়, মঞ্জু গত ৯ মে থেকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। তিনি উৎপাদন, বিক্রয়, আমদানি রপ্তানি বা প্রদর্শনীর জন্য মদ বাসায় রাখেননি।
২০০৭ সালের ০৮ মার্চ ধানমন্ডির সড়ক নং-১ - এ আনোয়ার হোসেন মঞ্জুর ২৫১ নম্বর বাড়ি তল্লাশি করে যৌথ বাহিনী অবৈধভাবে রাখা ২১ বোতল বিদেশি মদ এবং নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা, একটি নকিয়া মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের ১১টি চেক বই ও ২৫টি জমির দলিল উদ্ধার করে। তল্লাশির সময় মঞ্জু বাসায় ছিলেন না।
ওই ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোস্তাক হোসেন বাদি হয়ে মঞ্জুর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য আইনের ২২ (গ) ধারায় এ মামলা করেন। মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন ওই মদের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে মামলায় বলা হয়।
পরে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম আদালতে মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৭ সালের ৩ জুন মঞ্জুর অনুপস্থিতিতেই আদালতে অভিযোগ গঠন করা হয়।
আইনজীবী আব্দুল্লা আল মনসুর জানান, চারটি মামলায় মঞ্জুর ৩২ বছর সাজা হয়েছে।
গত ৬ মে সম্পদের তথ্য গোপনের মামলায় মঞ্জু ঢাকার একটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৬৪১ ঘ.
bdnews24