নরসিংদী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে সোমবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী নৌকা ডুবে চারজন মারা গেছেন। এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার দড়িনবীপুর গ্রামের জালু মিয়া (২৬), কালাই গোবিন্দপুর গ্রামের রমজান মিয়া (২৫) ও নুরুল ইসলাম মুহুরী (৫০) এবং জামালিয়াকান্দী গ্রামের জজ মিয়া (৩৫)।
নরসিংদী দত্তপাড়া খেয়াঘাট থেকে ৫০-৫৫ জন যাত্রী নিয়ে চর এলাকা বুদিয়ামারা যাওয়ার পথে নৌকাটি মেঘনার মাঝামাঝি পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৭টায় ঝড়ের কবলে পড়ে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ভূঁইয়া।
তিনি জানান, রাতেই এলাকাবাসী সদর উপজেলার কালাই গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলাম মুহুরীর (৫০) এর লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এলাকাবাসী আরও তিনজনের লাশ উদ্ধার করে।
নিখোঁজ তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/এমএসবি/১৪০৩ ঘ.
bdnews24