চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা' উপকূল অতিক্রম করার পর চট্টগ্রামে প্রতিকূল আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। বিকেলের পালা থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আবার শুরু হর্য়।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে আটটায় জানান, বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। জেটিগুলোতে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামার পাশাপাশি বন্দরের ইয়ার্ডগুলোতে থেকে পণ্য সরবরাহ করা হচ্ছে।
তিনি জানান, বহির্নোঙরের জাহাজগুলোকে প্রতিকূল আবহাওয়ার কারণে সীমিত আকারে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বহির্নোঙরে জাহাজ চলাচল শুরু হয়েছে এবং জোয়ার শুরু হলে আবার বন্দর চ্যানেলে জাহাজ চলাচল শুরু হবে।
ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরে সকাল থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২২১৯ঘ.
bdnews24