কক্সবাজার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী উপজেলায় রোববার বিকেলে কওমি মাদ্রাসা ও আহলে সুন্নাত আল জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি লোক।
নিহতের নাম হাফেজ আনছার। তিনি বড় মহেশখালীর মুন্সির ডেইল এলাকার আবু সৈয়দের ছেলে এবং কওমি মাদ্রাসার সমর্থক।
মাদ্রাসা ভাঙচুরের ঘটনায় আয়োজিত প্রতিবাদ সভায় আসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিকেল ৫টার দিকে দুপক্ষে এ সংঘর্ষে মহেলখালী পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ প্রথমে দু'পক্ষকেই নিয়ন্ত্রণে রেখেছিল। পরে এক পক্ষ পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিক্ষেও ওপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা নুরে আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তবে কোন গোলাগুলি হয়েছে কিনা তিনি তা জানাতে পারেননি।
তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার আহলে সুন্নাতের মাওলানা মাহবুবুর রহমান মহেশখালীর কেরুণতলী এলাকায় একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসার পথে কালারমারছড়ার ঝাপুয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন।
এ ঘটনার জের ধরে শনিবার আহলে সুন্নাতের সমর্থকরা সন্ধ্যায় কুতুবজোমের সালমান ফারসি (রা.) তালেমুল কোরআন মাদ্রাসায় হামলা হয়। হামলাকারীরা মাদ্রাসাটি ভাঙচুর করে। তারা কওমি মাদ্রাসার আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র লণ্ডভণ্ড করে।
মাদ্রাসা ভাঙচুরের ঘটনায় কওমি মাদ্রাসা সমর্থিত আলেমরা মহেশখালী পৌরসভা এলাকার গোরকঘাটা চৌরাস্তায় রোববার বিকালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পুটিবিলা থেকে ওই সমাবেশে আসার পথে একটি মিছিলে বাধা দেয় আহলে সুন্নাতের সমর্থকরা। পৌর এলাকার মথুয়ার ডেইল এলাকায় এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ঘটনাস্থল থেকে সহকারী পুলিশ সুপার সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুটিবিলা থেকে আসা মিছিলটিকে বাধা দিলে পুলিশ আহলে সুন্নাত সমর্থকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু তারা পুলিশের বাধা উপেক্ষা করে হামলা চালায়। এ সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
তিনি জানান, সংঘর্ষে কওমি মাদ্রাসা সমর্থক হাফেজ আনছার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, আহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিরাজ (৩৩), শমি উদ্দিন (১৯), রহমত উল্লাহ (২২), আবুল হোসেন (২০), আরিফুর রহমান (২১), আবদুর রহমান (২০), রেজাউল করিম (২০), হোসাইন আহমদ (৩৫) ও আবু বক্কর (২০)। এরা সকলেই বড় মহেশখালী এলাকার বাসিন্দা।
অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24