ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আয়লা (অওখঅ) সোমবার দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে।
ঝড়টি সামান্য উত্তর দিকে সরে গিয়ে রোববার মধ্যরাতের দিকে একই এলাকায় অবস্থান করছিল।
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা এ ঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছিল।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করেছে।
রাত ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
বুলেটিনে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৭০ কিলোমিটার পর্যন্ত উঠছে। সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর,নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও এসব জেলার নিকটবর্তী দ্বীপ ও চর স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সৃষ্ট লঘুচাপটি শনিবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়।
স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান
রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র বাস্তবায়ন বোর্ডের এক জরুরি সভা হয়। মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়।
মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের লক্ষ্যে উপকূলীয় জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বার্হী কর্মকর্তাদের প্রস্তুতিমূলক বৈঠক করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
এছাড়াও তাদের নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে ৭১৬২১১৬, ৭১৬০৪৫৪ ও ৭১৬৪১১৫ এবং ফ্যাক্স নম্বর ৭১৬৯৬২৩ ও ৭১৭৪১৪৮।
উপকূলীয় ১১টি জেলার ৩২টি উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩১৩ঘ.
bdnews24