ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান কখনো সেক্টর কমান্ডার ছিলেন না বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের ১৯ মুক্তিযোদ্ধা।
শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি করেন।
হামিদুল্লাহ খানের পক্ষে এ ধরনের অপপ্রচার করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিদাতারা হলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মোহাম্মদ সফিউল্লাহ, প্রেমাঙ্কুর রায়, হারুন হাবীব, সৈয়দ সদরুজ্জামান হেলাল, আলী আশরাফ, হেলালুজ্জামান পান্না, কাজী জয়নাল আবেদিন, মাহবুব এলাহী রঞ্জু, আনিসুর রহমান তালকদার, ফয়জুর রহমান, খায়রুল ইসলাম, এনায়েত হোসেন, মিজানুর রহমান খান মিঠু, বসির হোসেন, নুরুল ইসলাম, মতিউর রহমান, শফিকুল ইসলাম খোকা ও ফররুখ আহমেদ।
বিবৃতিতে তারা দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় ফ্লাইট লে. হামিদুল্লাহ খান কখনো ১১ নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন না। ১১ নম্বর সেক্টর গড়ে তোলা হয় কর্নেল (তৎকালীন মেজর) আবু তাহেরের নেতৃত্বে। ১৪ নভেম্বর কামালপুর রণাঙ্গনে তাহের সন্মুখ যুদ্ধে গুরুতর আহত হলে তার একটি পা শরীর থেকে কেটে ফেলতে হয়। এরপর মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত ওই সেক্টরে অধিনায়ক হিসেবে আর কাউকে নিয়োগ দেয়নি। সেক্টর সদর দপ্তরের কয়েকজন সেনা কর্মকর্তা যৌথভাবে বাকি যুদ্ধ পরিচালনা করেন।
সেক্টর কমান্ডার আবু তাহের আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে হামিদুল্লাহ খানকে সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কিছু দাপ্তরিক কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24