ঝিনাইদহ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে দু'গ্র"পের সংঘর্ষে শনিবার সকালে একজন নিহত এবং পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দু'টি পক্ষের দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
উপজেলার ছাইভাঙ্গা গ্রামের হাফিজউদ্দিন (৫৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে মারা যান। অপর আহত ১৬ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড ফাাঁকা গুলি বর্ষণ করেছে।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ যায়। তারা সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে।
এরপর শৈলকুপা ও ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে আরও চার রাউন্ড গুলিবর্ষণ করে সাড়ে ৩ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষকারীদের ইটের আঘাতে দুই পুলিশ কনস্টেবল জাহিদ ও মোকসেদ আহত হন বলে জানান তিনি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
ঘটনার বিবরণে তিনি জানান, মতিয়ার রহমান ও মহসিন শিকদার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রস্তুতিতে দু'টি দলে নেতৃত্ব দিচ্ছেন।
শনিবার সকালে ধাওড়া গ্রামে এ দু'জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাশের কুশোবাড়িয়া গ্রাম থেকে মতিয়ার রহমানের নেতৃত্বে হাজারখানেক লোক ধাওড়া গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম সংঘর্ষ থামাতে ৬ রাউন্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24