চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রযুক্তির আলো জ্বালিয়ে দাও - এ শ্লোগান নিয়ে শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা।
শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মেলা শুরু হওয়ার পরপরই তা দর্শক ক্রেতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা মেলার স্টলগুলোতে নানা ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার ঘুরে ঘুরে দেখেন বিপুল আগ্রহ নিয়ে।
মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 'মেকার কমিউনিকেশন' আয়োজিত এ ল্যাপটপ মেলার অনলাইন মিডিয়া পার্টনার।
কয়েকবছর আগে রাজধানীতে ল্যাপটপ মেলায় সাফল্যের পর বন্দরনগরীতে এ মেলার উদ্যোগ নেওয়া হয়। বন্দরনগরীতে এটি দ্বিতীয় ল্যাপটপ মেলা।
অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, "নতুন বাংলাদেশ গড়তে কিশোর ও তরুণদের তথ্য প্রযুক্তির জ্ঞানের মাধ্যমে আলোকিত করতে হবে। কোন অজুহাতে নতুন প্রযুক্তি থেকে দূরে থাকার সুযোগ নেই।"
মেয়র জানান, বন্দর নগরীর সকল শ্রেণীর মানুষকে কম্পিউটার জ্ঞান দিতে সিটি কর্পোরেশন অনেক আগেই উদ্যোগ নিয়েছে। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে আরও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের 'ডিজিটাল বাংলাদেশের' স্বপ্ন পূরণে ছাত্রলীগের ছেলেদের 'দাঙ্গা-হাঙ্গামা বাদ দিয়ে' কম্পিউটার ও প্রযুক্তির মতো সৃজনশীল জ্ঞানে সক্ষমতা অর্জনে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার জোনাল হেড মোহাম্মদ রোসাঙ্গির এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম, আসুস টেকনোলজি প্রাইভেট লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার মো. মহিউদ্দিন ,এ কাদের খসরু এবং স্মার্ট টেকনোলজিস-এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
মেলায় ল্যাপটপ প্রদর্শনী এবং বিক্রি ছাড়াও বিশেষ গেম শো ও ফ্যাশন শোসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এ মেলায় ব্যাংক এশিয়া বিশেষ ব্যাংক ঋণের মাধ্যমে ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে।
মাত্র একশ' টাকায় নিবন্ধনের মাধ্যমে বিশেষ গেম শোতে বিজয়ী দর্শককে একটি ল্যাপটপ উপহার দেওয়া হবে বলে ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান।
মেলায় মোট ৮টি প্যাভিলিয়ন এবং ১০ টি স্টলে দেশের শীর্ষস্থানীয় ল্যাপটপ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। মেলায় কম্প্যাক, অ্যাপল, হাসি, ফুজিৎসু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনোভো, তোশিবা, এসার, গ্রেট ওয়াল, পশ-বুক, ডিলাক্স এবং বেনকিউসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
শুক্রবার থেকে ২৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৮২৭ঘ.
bdnews24