বগুড়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার ধুনট উপজেলায় শীতলাবিলের দখল নিয়ে ভূমিহীনদের ওপর যুবলীগ কর্মীদের হামলার ঘঁনায় বুধবার গভীর রাতে পৌর যুবলীগের দুই নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
দুই যুবলীগ নেতা হলেন- ধুনট পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক চপল মাহমুদ।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল হোসেন হামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তিনি অপর আসামিদের নাম জানাতে পারেননি।
বুধবার দুপুরে ১২টায় বিশ্বহরীগাছা গ্রামের আনোয়ারুল ইসলাম পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক চপল মাহমুদসহ ২০/২২জন যুবলীগ নেতা-কর্মীকে নিয়ে গিয়ে শীতলাবিলের একটি জলাশয়ের দখল নিতে যান। ভূমিহীন পরিবারের সদস্যরা বাধা দিলে যুবলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে মহিলাসহ ছয়জন আহত হন।
এ ঘটনায় সবুজ শেখ থানায় মামলাটি করেন।
ধুনট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুদিন ধরে উপজেলা যুবলীগের এ ধরনের কার্যকলাপ বেড়ে গেছে। আমরাই মামলা করার ব্যাপারে সহায়তা করেছি। অবশ্যই এর বিচার হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24