নোয়াখালী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামে বৃহস্পতিবার ভোররাতে ডাকাতের গুলিতে সামছুল হুদা বাবুল (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
আহত হয়েছেন মহিলাসহ আরও ৬ জন। এদের মধ্যে নৌবহিনীর অবসরপ্রাপ্ত সদস্য গোফরান মিয়া (৭০) ও তার ছেলে জাকির হোসেনকে (২২) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া উম্মে কুলসুম (২৩), উম্মে সালমা (১৬), বকুল বেগম (৩৮) ও রোকসানাকে (২৫) ভর্তি করা হয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে।
চাটখিল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, রাত ২ টার দিকে ৩০/৪০ জনের একদল ডাকাত মাইক্রোবাসে করে খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে ঢুকে ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা, গোফরান, আতিকুল্লাহ, ও আব্দুল আজিজের বাড়িসহ পাঁচটি বাড়ির ১১টি ঘরে লুটপাট চালায়।
এক পর্যায়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে সামছুল হুদা বাবুল ঘটনাস্থলে মারা যান। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি।
ওসি জানান, ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
খবর পেয়ে সকালে নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল কবির ঘটনাস্থলে যান। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গোফরান সাংবাদিকদের জানান, ডাকাতির আগে বিদ্যুৎ চলে গিয়েছিল। ডাকাতরা গ্রাম ছাড়ার পর বিদ্যুৎ আসে। ওই সময় পুলিশও গ্রামে আসে।
তিনি জানান, ডাকাতদের হাতে কাটা রাইফেল, পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৭ ঘ.
bdnews24