ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ৯ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কয়েকজন বিচারকের কাছে বুধবার বিকেলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর পর তাদের আবার কারাগারে পাঠানো হয়।
জবানবন্দিদানকারীরা হলেন সিপাহী হারুন মিয়া, সিপাহী তরিকুল ইসলাম, সিপাহী এনামুল হোসেন, সুবেদার মোজাফফর হোসেন, হাবিলদার মনিরুজ্জামান, নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়েক শাহ আলম, সিপাহী কামাল মোল্লা ও নায়েক সুবেদার ওয়ালিউল্লাহ।
এ নিয়ে মোট ৯৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ৬৬ বিডিআর সদস্যকে নতুন করে পাঁচ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে একই আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ ৬৬ বিডিআর সদস্যকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের অনুমতি চান।
শুনানি শেষে হাকিম মুমিনুল হাসান পাঁচ দিন সময় দেন।
মামলায় এ পর্যন্ত এক হাজার তিন শ' ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/২২৪৪ ঘ.
bdnews24