ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুর প্রস্তাবের ব্যাপারে থাইল্যান্ড ইতিবাচক সাড়া দিয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ব্যাংকক বিমানবন্দরে থাই পররাষ্ট্রমন্ত্রী পানিচ ভিকিতস্রেথের সঙ্গে রোববার সন্ধ্যায় পররাষ্টমন্ত্রী দীপু মনির বৈঠকে পোর্ট ভিসা চালুর প্রস্তাব ছাড়াও দুই দেশের মধ্যে সড়ক ও নৌ-পথে যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে।
১৯৯৭ সালে থাই সরকার কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ করে দেয়।
মিয়ানমার থেকে লন্ডন যাওয়ার পথে ব্যাংকক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন থাই পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়, "(বাংলাদেশ) কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে।"
দুই পররাষ্ট মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, আসন্ন সপ্তম যৌথ কমিশনের বৈঠক, কনস্যুলার ইস্যু, সড়ক ও নৌ-পথে যোগাযোগ প্রতিষ্ঠা, পর্যটন ও রোহিঙ্গা শরণার্থীসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিবৃতিতে বলা হয়।
সর্বশেষ ১৯৯৯ সালের নভেম্বরে ব্যাংককে বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ কমিশনের বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এএনএস/এইচএ/০১৩৮ঘ.
bdnews24