ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে দু'দেশের অভিজ্ঞতা এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে এতে।
ইতোমধ্যে দু'দেশই সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ভি কৃষ্ণমূর্তি মঙ্গলবার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। মন্ত্রীও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়ে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন।
তিনি সুনামি দুর্গত প্রান্তিক জেলেদের পুনর্বাসনে শ্রীলংকার অভিজ্ঞতা জানার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও আলাপকালে মন্ত্রী উভয় দেশের চিড়িয়াখানা ব্যাবস্থাপনা ও প্রাণীর সংখ্যা বৃদ্ধিতে পারস্পরিক অভিজ্ঞতা ও প্রাণী বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে শ্রীলংকার হাই কমিশনার ইতিবাচক সাড়া দেন।
তিনি শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গেও মন্ত্রীকে অবহিত করেন।
এ প্রসঙ্গে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, শ্রীলংকার প্রেসিডেন্টেকে বাংলাদেশ উষ্ণ স্বাগত জানাবে। শ্রীলংকা বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আর্ন্তজাতিক বিভিন্ন ইস্যুতে উভয় দেশ পরস্পরকে সহযোগিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ঘ.
bdnews24