মোশতাক আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে বিদ্যমান যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিলের চিন্তা-ভাবনা করছে সরকার। এ ব্যাপারে সবকটি বোর্ডের পক্ষ থেকেও লিখিত সুপারিশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
অধ্যাপক রশীদ বলেন, "সারাদেশে যেসব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য শর্ত শিথিলের কথা ইতিবাচকভাবে আলোচনা হচ্ছে।"
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায়ও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "দেশব্যাপী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কয়েক হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিদ্যমান বিধি-বিধানের কারণে এ শূন্যতা দেখা দিয়েছে। তাই শিক্ষা মন্ত্রণালয় বিদ্যমান বিধি-বিধান (যোগ্যতা) শিথিল করার কথা চিন্তা করছে।"
বিপুল সংখ্যক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানান আরেক কর্মকর্তা।
বর্তমানে প্রচলিত ১৯৯৫ সনের জনবল কাঠামো অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়) প্রধান শিক্ষক হওয়ার জন্য স্নাতকসহ বিএড (ব্যাচেলর অব এডুকেশন), শিক্ষা জীবনে অনধিক একটি তৃতীয় বিভাগ এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বিদ্যালয়ে টানা পনের বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে।
এছাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) প্রধান শিক্ষক হওয়ার জন্য স্নাতকসহ বিএড, শিক্ষা জীবনে অনধিক একটি তৃতীয় বিভাগ অথবা একটি তৃতীয় বিভাগসহ স্নাতক এবং বিদ্যালয়ে ১২ বছরের প্রশাসনিক বা শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
এ বিধান অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগে নানা সমস্যার কথা তুলে ধরে বিভিন্ন বোর্ডের পক্ষ থেকে বিধান শিথিল করতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭৯ সালের বিধান অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগের কথাও ভাবা হচ্ছে।
ওই বিধান অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে বিএডসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি এবং ১০ বছরের শিক্ষকতা অথবা শিক্ষা সম্পর্কিত প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন। আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শর্ত ছিল দ্বিতীয় শ্রেণীর বিএডসহ দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি এবং ১২ বছরের শিক্ষকতা বা শিক্ষা সম্পর্কিত প্রশাসনিক অভিজ্ঞতা অথবা বিএডসহ ব্যাচেলর ডিগ্রি বা সমমানের ডিগ্রী এবং পনের বছরের শিক্ষকতা বা শিক্ষা সম্পর্কিত প্রশাসনিক অভিজ্ঞতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২১০৯ঘ.
bdnews24