২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটি দেশের অভ্যন্তরীণ বিষয়: সোহেল তাজ

র‌্যাব ও ডিজিএফআইকে ভেঙে দেওয়ার পরামর্শের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ মঙ্গলবার এটি 'দেশের অভ্যন্তরীণ বিষয়' মন্তব্য করে বলেছেন, তারা নিজেরাই তা বিচার-বিবেচনা করে দেখবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- র‌্যাব ও ডিজিএফআইকে ভেঙে দেওয়ার পরামর্শের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ মঙ্গলবার এটি 'দেশের অভ্যন্তরীণ বিষয়' মন্তব্য করে বলেছেন, তারা নিজেরাই তা বিচার-বিবেচনা করে দেখবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সোমবার এক প্রতিবেদনে বাংলাদেশে র‌্যাব ও ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের অভিযোগের প্রসঙ্গ তুলে তাদেরকে ভেঙে দেওয়া বা অন্তত একটি নজরদারি কর্তৃপক্ষের অধীনস্থ করার পরামর্শ দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শ সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমরাই বিচার-বিবেচনা করে দেখবো।" র‌্যাবের কার্যক্রমের প্রশংসা করে তানজিম বলেন, "র‌্যাব প্রশংনীয়ভাবে জঙ্গিবাদী তৎপরতা দমন করে যাচ্ছে।" তবে বর্তমান সরকার বিচার-বহির্ভূত কোনো কার্যক্রমকে সমর্থন করে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এদিকে দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কার্যক্রম নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খানের বক্তব্য 'ধর্মীয় অনুভুতিতে' আঘাত করেছে বলে মন্তব্য করেন তানজিম আহমেদ। তিনি বলেন, "বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তার (নজরুল ইসলাম) ক্ষমা চাওয়া উচিত।" সোমবার নজরুল ইসলাম খান গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে বলেন, দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কার্যক্রম যেভাবে এগুচ্ছে তাতে এক পর্যায়ে হয়তো 'আদম (আঃ)'র নামও বলানো হবে। সিআইডির জিজ্ঞাসাবাদের সূত্রে দশ ট্রাক অস্ত্র মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জড়িত থাকা নিয়ে যে তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাকে 'উদ্দেশ্য প্রণোদিত' বলে অভিহিত করেন নজরুল ইসলাম। এ বিষয়ে তানজিম আহমেদ বলেন, "তদন্ত কাজ স্বাধীন ও নিরপেক্ষভাবে এগিয়ে চলছে। যে জড়িত থাকবে তার বিচার অবশ্যই করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/টিআর/এসকে/১৯৫৮ঘ.