ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন জলমহাল ব্যবস্থাপনা নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রকৃত মৎস্যজীবী ও মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার জন্যই নতুন এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সোমবার ভূমি মন্ত্রণালয়ে সরকারি জলমহাল ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে খসড়া নীতিমালাটি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।
চূড়ান্ত অনুমোদনের জন্য নতুন নীতিমালার খসড়াটি মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
বর্তমান নীতিমালা অনুযায়ী দরপত্রের মাধ্যমে জলমহাল ইজারা দেওয়া হয়।
কমিটির সভাপতি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং ভূমি সচিব দেলোয়ার হোসেনসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রেজাউল করিম হিরা সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী জলমহাল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হতো। এ পদ্ধতিতে সর্বোচ্চ দরদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান জলমহাল ইজারা পেতো। এভাবে অনেক সমিতি বা ব্যক্তি দীর্ঘ সময়ের জন্য ইজারা পেয়ে থাকে।
মন্ত্রী জানান, এ প্রক্রিয়ায় প্রকৃত ভূমিহীন ও নিরীহ মৎস্যজীবী ব্যক্তি বা সমিতি ইজারার সুযোগ থেকে বঞ্চিত হতো। ফলে সরকারি জলমহাল ইজারা দেওয়ার আসল উদ্দেশ্যই ব্যাহত হতো। এ কারণে সরকার দরপত্রের প্রক্রিয়া বাতিল করে তিনটি কমিটির মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী ব্যক্তি ও সমিতি চিহ্নিত করে জলমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে জলমহালের নিকটবর্তী ব্যক্তি বা সমিতিগুলোই ইজারার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সর্বোচ্চ তিন বছরের জন্য এসব জলমহাল ইজারা দেওয়া হবে।
নতুন নীতিমালায় ভূমিমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় জলমহাল ব্যবস্থাপনা কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। জেলা কমিটিতে স্থানীয় সাংসদরা উপদেষ্টা এবং উপজেলা কমিটিতে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান উপদেষ্টা হিসেবে থাকবেন।
রেজাউল করিম হিরা জানান, দেশে ইজারা দেওয়ার মতো ছোট-বড় মিলিয়ে ২৮ হাজার ৮৭৯টি জলমহাল রয়েছে। এর মধ্যে বেশকিছু ইজারা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়সীমা মানা হয়নি। বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
অসৎ উদ্দেশ্যে দীর্ঘসময়ের জন্য কাউকে জলমহাল ইজারা দেওয়া হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২১৫০ঘ.
bdnews24