২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের গাড়ির স্টিকারের 'ব্যাপক অপব্যবহার' হচ্ছে

সাংসদদের দেওয়া সংসদ সচিবালয়ের স্টিকারের 'ব্যাপক অপব্যবহার' হচ্ছে বলে অভিযোগ করেছেন সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহিদ। এই স্টিকার সাংসদদের গাড়ির উইণ্ডস্ক্রিনে লাগানো থাকে। এর মাধ্যমে তারা সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে বা বাইরে চলাফেরার সময় পুলিশি তল্লাশি থেকে রেহাই এবং ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদদের দেওয়া সংসদ সচিবালয়ের স্টিকারের 'ব্যাপক অপব্যবহার' হচ্ছে বলে অভিযোগ করেছেন সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহিদ। এই স্টিকার সাংসদদের গাড়ির উইণ্ডস্ক্রিনে লাগানো থাকে। এর মাধ্যমে তারা সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে বা বাইরে চলাফেরার সময় পুলিশি তল্লাশি থেকে রেহাই এবং ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন। সংসদ কমিটির বৈঠক শেষে সোমবার চিফ হুইপ শহিদ বলেন, কমিটি শুধুমাত্র সাংসদ ও তাদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য নতুন স্টিকার দেওয়ার প্রস্তাব করবে। এই কমিটি এমপিদের সুযোগ-সুবিধা দেখভাল করে থাকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে সংসদ সচিবালয়ের স্টিকারের ব্যাপক অপব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। সাংসদদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এমন লোকজন এই স্টিকার লাগানো গাড়িতে করে অবাধে চলাফেরা করছে।" এব্যাপারে স্পিকার এবং কমিটির সব সদস্যই একই মত পোষণ করেন বলে শহিদ জানান। চিফ হুইপ বলেন, সাংসদরা সুনির্দিষ্ট কোনো গাড়ি সবসময় ব্যবহার করেন না। তাদের অনুপস্থিতিতে যেকেউ তা সহজেই ব্যবহার করতে পারে। এটা অবশ্যই বন্ধ হতে হবে। সংসদ সচিবালয়ের স্টিকারের এ অপব্যবহার বন্ধে তিনি সাংসদদের মতামত নেবেন বলেও জানালেন। এ প্রসঙ্গে শহিদ বলেন, " শুধুমাত্র সাংসদ, তার স্বামী বা স্ত্রী ও সন্তানদের ব্যবহারের জন্য আমি নতুন ধরনের স্টিকার প্রবর্তনের প্রস্তাব করবো।" সব সাংসদকে অফিস দেওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, "আসন্ন বাজেট অধিবেশনের আগেই তাদের অফিস বরাদ্দের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।" সাবেক এমপি হোস্টেল ভবনকে এমপিদের অফিসে পরিণত করতে অনেক আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি বলে তিনি জানান। সিপকার আব্দুল হামিদ এ মাসের গোড়ার দিকে সব সাংসদকে ঢাকায় অফিস দেওয়ার কথা ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৮৩২ ঘ.