২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রের দোকান ডাকাতির চেষ্টা, আটক এক

আগ্নেয়াস্ত্রের দোকান ডাকাতির চেষ্টার অভিযোগে রাজধানীর ইসলামপুরে সোমবার এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ডাকাতদের চাপাতির আঘাতে আহত হন দোকান ব্যবস্থাপক আব্দুল হালিম। তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 11:34 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগ্নেয়াস্ত্রের দোকান ডাকাতির চেষ্টার অভিযোগে রাজধানীর ইসলামপুরে সোমবার এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ডাকাতদের চাপাতির আঘাতে আহত হন দোকান ব্যবস্থাপক আব্দুল হালিম। তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। কোতয়ালী থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন যুবক ইসলামপুরের বন্দুকের দোকান 'শিকার অ্যান্ড শিকারিতে' গিয়ে অস্ত্র কিনবে বলে জানায়। এর এক পর্যায়ে তারা অস্ত্র ডাকাতি করার চেষ্টা চালায় বলে স্থানীয় লোকজন অভিযোগ করে। এসময় হালিম বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে বলে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, হালিমের চীৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। ধরা পড়ে ফরহাদ নামের একজন। ফরহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দোকান ব্যবস্থাপক সাংবাদিকদের জানান, ফরহাদসহ তিনজন দোকানে এসে একটি পিস্তল কিনতে চায়। অস্ত্র কেনার লাইসেন্স তাদের আছে কিনা, তা জানতে চান তিনি। এ ব্যাপারে কথা বলার এক পর্যায়ে ডাকাতরা তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এতে হালিম ধারণা করছেন অস্ত্রধারীরা ডাকাতি করতেই দোকানে এসেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/টিআর/১৭৩০ ঘ.