মাগুরা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকা থেকে শুক্রবার রাতে দুই হাজার বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন (২৭) সিরাজগঞ্জ শহরের সামাদ শেখের এবং সুমন (২২) মাদারীপুর শহর সালাম মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ কারটিকে ধাওয়া করলে ওটা ঢাকা-মাগুড়া সড়ক ছেড়ে মাগুড়া-নড়াইল সড়কে ঢুকে পড়ে। পরে মালিগ্রাম এলাকায় গিয়ে তাদের আটক করা হয়।
ফেন্সিডিলসহ গাড়িটি বেনাপোল থেকে যশোর ও মাগুরা হয়ে ঢাকা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, "আটকরা ঢাকার ফরিকাপুল এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে বলে তথ্য রয়েছে।"
গাড়ির চালক পালিয়ে গেছে। আটকরা তার নাম জানে না বলে জানান। এ ব্যাপারে মাগুরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আটক মালামাল থানা হেফাজতে আছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24