রাজশাহী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমিজমা নিয়ে বিরোধে জের ধরে রাজশাহীর বাগমারায় শুক্রবার বিকেলে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক শাহাদত আলীকে (৫২) একই গ্রামের প্রতিপক্ষ শামসুল ইসলাম ও তার ভাইয়েরাসহ একদল দুর্বৃত্ত হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসী ও পুলিশ শামসুল ইসলামকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডার বলে দাবি করেছে।
হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ গ্রামবাসী শামসুল ইসলামের বাড়ির চারটি ঘর পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহাবুদ্দিন খলিফা জানান, বিকেল ৪টার দিকে স্থানীয় যাতারপুকুর মাদ্রাসার শিক্ষক শাহাদত আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় কথিত জেএমবি ক্যাডার শামসুল ইসলাম ও তার ভাইদের নেতৃত্বে একদল লোক সন্ত্রাসী লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
ঘটনাটি শুনে গ্রামের লোকজন শামসুল ও তার ভাইদের বাড়িতে হামলা চালায়। এ সময় শামসুল ও তার ভাইয়েরা পালিয়ে যায়। পওে গ্রামবাসী তাদের চারটি ঘর পুড়িয়ে দেয়।
এ ঘটনায় শামসুলের বাবা মেহের আলীকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24