চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তিনি। হাকিম আবু হান্নান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি'র সিনিয়র পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগর হাকিমের আদালতে সাহাবুদ্দিনের জবানবন্দি গ্রহণ করা হয়।"
১৬ পৃষ্ঠার লিখিত জবানবন্দিতে সাহাবুদ্দিন কি বলেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা।
তিনি জানান, জবানবন্দি গ্রহণের পর আদালত এনএসআই'র সাবেক এ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৯ মে সাহাবুদ্দিনকে ঢাকার টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার ছয়দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়। এর আগে ৪ মে তাকে প্রথম দফায় তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের স্বীকারোক্তি অনুযায়ী ২ মে গভীর রাতে রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্য রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র চালানটি আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24