ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে দেশের শীর্ষ কয়েকজন নারী নেত্রী এ বিষয়ে নীতিমালা ও আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি উদ্যোগে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা কার্যকরে ব্যবস্থা নিতে হবে।"
আদালতের রায় নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি।
বৃহস্পতিবার যৌন হয়রানি রোধে একটি নীতিমালা করে দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
এক রায়ে আদালত বলেছে, এ সম্পর্কিত কোনো আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।
মেয়েদের উত্যক্ত করা, তাকিয়ে থাকা, ই-মেইল বা ফোনে বিরক্ত করা, রাস্তায় অচেনা কাউকে 'সুন্দরী' বলা এসব যৌন হয়রানির মধ্যে পড়বে বলে আদালত রায় দিয়েছে।
আয়েশা খানম জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে মহিলা পরিষদ, নারী আন্দোলন, সামাজিক প্রতিরোধ আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি নীতিমালা গত তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সর্বক্ষেত্রে এই হয়রানি ও নিপীড়িন বন্ধে সরকারেরই উদ্যোগই হয়ে নীতিমালা কিংবা আইন প্রণয়ন জরুরি বলে মত দেন আয়েশা খানম।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "বিষয়টাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। তবে এটা তখনই কার্যকর হবে যখন বিষয়টা সবাই জানবে। এর জন্য এর ব্যাপক প্রচার হওয়া দরকার।
"এ নীতিমালার ফলে ন্যূনতম হলেও নারীর হয়রানী কমাবে বলে মনে করি। তবে এর জন্য যারা এটা প্রয়োগ করবে তাদের এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্যদেরও আন্তরিক হতে হবে। পুলিশকে আরও সহায়ক হতে হবে। আর এখানে যে কমিটি করার কথা বলা হয়েছে এই কমিটিগুলোতে যারা থাকবেন তারা যেন নীতিমালা সম্পর্কে সম্যক অবগত থাকেন।"
তিনি বলেন, "অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক সময় অনেক কিছুই করা হয়। তবে প্রায়োগিক ক্ষেত্রে সচেতনতার অভাবে এটা ঠিকমতো প্রয়োগ হয় না। এক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশন যেন ভালভাবে হয় সেটা খেয়াল রাখতে হবে।"
আর নীতিমালা হওয়ার পর যেন কোনওভাবেই এ সংক্রান্ত আইন প্রণয়ন যেন বিলম্বিত না হয় তা খেয়াল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, "নীতিমালা হয়েছে এটা ভাল। তবে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রণয়ন যেন কোনওভাবেই বিলম্বিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।"
আদালতের এই রায়ের মাধ্যমে যৌন হয়রানি রোধে আপাতত একটি পদক্ষেপ বলে মনে করেন জাসদের কেন্দ্রীয় নেত্রী ও নারী নেত্রী শিরিন আখতার। তবে অতি দ্রুত সরকারের উদ্যোগে নীতিমালা এবং পূর্ণাঙ্গ আইন প্রণয়নও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
শিরিন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রেসহ সর্বত্র যৌন হয়রানি ও নিপীড়ন-এর বিরুদ্ধে জনসচেতনা গড়ে তুলতে দ্রুত আইন প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে সমন্বয়ের কাজে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে মতামত নেওয়া যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/জিএমএ/জিএনএ/২০২৮ ঘ.
bdnews24