২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় বিনিয়োগে বাংলাদেশী ব্যবসায়ীদের আহ্বান

উগান্ডার টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি গিলবার্ট বি বুকেনিয়া। বাংলাদেশে সাত দিনের সফর শেষে বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশের টেক্সটাইল পণ্যের মান খুব উন্নত এবং উগান্ডায় এর ব্যাপক চাহিদা রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উগান্ডার টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি গিলবার্ট বি বুকেনিয়া। বাংলাদেশে সাত দিনের সফর শেষে বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশের টেক্সটাইল পণ্যের মান খুব উন্নত এবং উগান্ডায় এর ব্যাপক চাহিদা রয়েছে।" বুকেনিয়া বলেন, "বাংলাদেশের টেক্সটাইল পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং সেখানে কোটা ও করসহ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। উগান্ডায় এ ধরণের কোনো শর্ত নেই।" উগান্ডায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির অভাব রয়েছে জানিয়ে গিলবার্ট বলেন, "খাদ্য শিল্পের বাজার থাকায় বাংলাদেশীরা ওই খাতে বিনিয়োগ করতে পারে।" উগান্ডা হাইকমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ও উগান্ডার মধ্যে মাত্র ১০ লাখ ডলারের মতো দ্বিপাক্ষিক বাণিজ্য হয়ে থাকে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্র্যাক প্রধান ফজলে হাসান আবেদ, বাংলাদেশে উগান্ডার ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জিওফ্রে মুহিসিও এবং নয়াদিল্লিতে উগান্ডার রাষ্ট্রদূত এইচ ই নীমিষা জে মাধভানি উপস্থিত ছিলেন। নীমিষা জে মাধভানি বলেন, "তুলা ও কফিই হচ্ছে এখন দুদেশের বাণিজ্যের প্রধান পণ্য। কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ নয়।" দরিদ্রদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্য কর্মসূচিসহ ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমের প্রসংসা করে গিলবার্ট বুকেনিয়া বলেন, "উন্নয়নের জন্য ব্র্যাকের পদ্ধতি একটি পরিপূর্ণ পদ্ধতি।" উগান্ডার শতকরা ৩২ ভাগ লোক দারিদ্র্য সীমার নীচে বসবাস করে জানিয়ে বুকেনিয়া বলেন, তার দেশের দরিদ্রদের ক্ষমতায়নে ব্র্যাকের পদ্ধতি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের তাঁত শিল্প তাকে মুগ্ধ করেছে জানিয়ে বুকেনিয়া বলেন, তাঁতে বোনা কাপড়গুলো বিশ্বের যেকোনো দেশেই বিক্রি করা যাবে বলে তার ধারণা। বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচি দেখতে বৃহস্পতিবার ঢাকায় আসেন বুকেনিয়া। সাত দিনের সফরে তিনি সাভার, মানিকগঞ্জ ও গাজীপুরে ব্র্যাকের ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমডি/এমইউএস/এএনএস/এসকে/২৩০০ঘ.