সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকা থেকে বুধবার দুপুরে অস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃত চম্পা বেগম (৪৫) হলেন বড়দেশী এলাকার মমতাজ আলীর স্ত্রী।
এ সময় উদ্ধার করা হয় ১টি বিিেদশ রিভলবার, ১টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ৩ কেজি গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিল।
এ ঘটনায় চম্পা বেগম, পারভেজ ও সাঈদ হোসেন (৪০) নামের তিনজনকে আসামি করে সাভার থানায় অস্ত্র ও মাদক আইনে দু'টি মামলা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের পরিদর্শক সুলতান আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বড়দেশী এলাকার মাদক ব্যবসায়ী পারভেজের বাড়িতে অভিযান চালালে তাদের উপস্থিতি বুঝতে পেরে পারভেজ পালিয়ে যায়। পরে ওই বাড়ি তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
এরপর পাশের মমতাজ আলীর বাড়ি থেকে তার স্ত্রী মাদক ব্যবসায়ী চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় চম্পার বাড়িতে অবস্থানকারী মাদক ব্যবসায়ী সাঈদ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। চম্পার বাড়ি থেকে উদ্ধার করা হয় গাঁজা ও ফেন্সিডিল।
চম্পা বেগম খুচরা মাদকের ব্যবসা করার কথা স্বীকার করেছেন বলে জানান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুলতান আহমেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24