২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' বৃহস্পতিবার ঢাকায় শুরু

'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' এর পঞ্চম আসর ঢাকায় শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এশিয়ায় খেলাধুলার বাইরে একে শিক্ষার্থীদের সর্ববৃহৎ ইভেন্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে। দক্ষিন এশিয়ায় প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 07:52 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' এর পঞ্চম আসর ঢাকায় শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এশিয়ায় খেলাধুলার বাইরে একে শিক্ষার্থীদের সর্ববৃহৎ ইভেন্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে। দক্ষিন এশিয়ায় প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজক কমিটির আহ্বায়ক মীর্জা সালমান হোসেন বেগ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। স্পিকার আব্দুল হামিদ সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। আইনমন্ত্রী শফিক আহমেদ ১৯ মে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ১০টি দেশের ৬৯টি দলের মোট ২৭৬ জন প্রতিযোগী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও ফিলিপাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রতিষ্ঠান ইন্সস্টিটিউট (আইবিএ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মোট নয়টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দুই ধাপের এ প্রতিযোগিতার প্রথম পর্ব ১৫-১৭ মে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের শীর্ষ বাছাই ১৬টি দল ১৮-১৯ মে সোনারগাঁও হোটেলে প্রতিযোগিতার নকআউট রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে। ২০০৫ সালে ফিলিপাইনে প্রথম 'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' অনুষ্ঠিত হয়। এর সর্বশেষ আসর বসে ২০০৮ সালে মালয়েশিয়ায়। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার রেডিও ফূর্তি, ইংরেজি দৈনিক নিউ এইজ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০১৫০ঘ.