২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা চেয়ারম্যানরা পাচ্ছেন দামী পাজেরো জিপ

দেশের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪২০টি পাজেরো জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিতসুবিশি ব্র্যান্ডের ২৩৫০ সিসির এই গাড়িগুলোর প্রতিটির দাম পড়বে সাড়ে ৩২ লাখ টাকা। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গাড়ি কেনা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪২০টি পাজেরো জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিতসুবিশি ব্র্যান্ডের ২৩৫০ সিসির এই গাড়িগুলোর প্রতিটির দাম পড়বে সাড়ে ৩২ লাখ টাকা। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গাড়ি কেনা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "কাজের সুবিধার্থে উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনা জরুরি হয়ে পড়েছে। তারা যেন স্বচ্ছন্দে দেশের মানুষের সেবা দিতে পারেন- তা বিবেচনায় রেখেই সরকার গাড়ি কেনার এ সিদ্ধান্ত নিয়েছে।" মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, "সরকারি সংস্থা প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি এই ৪২০টি জিপ কেনা হবে। তবে এই ৪২০টি গাড়ি একসঙ্গে কেনা হবে না। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে (অর্থাৎ আগামী ৩০ জুনের মধ্যে) ১৮০টি গাড়ি কেনা হবে। বাকি ২৪০টি গাড়ি আগামী ২০০৯-১০ অর্থবছরে বাজেটে প্রাপ্তি সাপেক্ষে একই দরে একই সংস্থার কাছ থেকে কেনা হবে।" যেসব উপজেলা পরিষদের গাড়ি একেবারেই ব্যবহারের অযোগ্য বা অকেজো হয়ে গেছে সে সব উপজেলার জন্যই গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। সারাদেশে মোট ৪৮১টি উপজেলা রয়েছে। বিশ্বমন্দার কারণে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এনে কৃচ্ছসাধনের উদ্যোগ নিয়েছে- এ পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনা খুব জরুরি কি না- জানতে চাওয়া হলে মুহিত বলেন, খুব প্রয়োজন বলেই উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ যাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, তাদের (জনগণের) সেবা করার জন্য জনপ্রতিনিধির একটি গাড়ির খুব প্রয়োজন। এ বিষয়টি বিবেচনায় রেখেই উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর/এআরএইচ/এএল/এইচএ/২১২৫ ঘ.