২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের এক নেতাকে কুপিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধের জের ধরে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করেছে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধের জের ধরে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করেছে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর প্রায় সাড়ে বারোটার দিকে মধুর ক্যান্টিন ও কলাভবনের মাঝখানের গাড়ি রাখার স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়া হলের ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে একই হলের ছাত্রলীগ কর্মী সোহেল ও শাহীনের নেতৃত্বে প্রায় দশ-বারোজন কুপিয়েছে। এ সময় তারা ভাঙা বোতল, রড ও চাপাতি ব্যবহার করে। হল রাজনীতিকেন্দ্রিক বিরোধিতার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সোহেল দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র এবং শাহীন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। এরা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র। সোহেল এর আগে ছাত্রদল কর্মী ছিলো বলে অনেকে জানিয়েছেন। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন বলেন, "পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শেখ হাসিনার বাড়িতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সমবেদনা জানিয়েছেন। অথচ শেখ হাসিনার সোনার ছেলেরা প্রতিপক্ষের প্রতি রক্তের বিনিময়ে প্রতিশোধ নিচ্ছে।" ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু ঘটনার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ ঠোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২৫০ঘ.