রাঙামাটি, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি সদর উপজেলার কাতলছড়ি এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফ'র দুই সদস্য নিহত হয়েছেন বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া রাঙামাটি সদর জোনের সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর জিল্লুর রহমান। তবে তাদের নাম জানাতে পারেনি।
সোমবার মেজর জিল্লুর সাংবাদিকদের জানান, রাত ১টা থেকে ভোর পর্যন্ত ওই অভিযানে ইউপিডিএফ'র আস্তানা থেকে একটি এম-১৬ রাইফেল, দুটি দেশীয় এলজি (লাইটগান), ২৪৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি ম্যাগজিন, দুটি ওয়াকিটকি, চারটি গুলি খোসা, একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম এবং সংগঠনটির কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় দুজনকে আটক করা হয়। এরা হলেন- সুমন চাকমা ওরফে রন্তু (২৯) ও বসন্ত কুমার চাকমা ওরফে আগমন (৩০)। তবে তাদের এখন পর্যন্ত পুলিশে হস্তান্তর করা হয়নি বলে সেনা কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.
bdnews24