২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় ড. ওয়াজেদ

তৃতীয়বারের মতো জানাজা শেষে ড. এম এ ওয়াজেদ মিয়াকে রোববার বিকেল সোয়া তিনটার দিকে তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বাদ আসর প্রয়াতের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

রংপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয়বারের মতো জানাজা শেষে ড. এম এ ওয়াজেদ মিয়াকে রোববার বিকেল সোয়া তিনটার দিকে তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বাদ আসর প্রয়াতের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে। সমাহিত করার পর পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করেন। ওয়াজেদ মিয়ার প্রথম জানাজা হয় রোববার সকালে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে পীরগঞ্জ নিয়ে আসা হয়। পীরগঞ্জ হাই স্কুলে দুপুর দেড়টার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। এতে ইমামতি করেন ওয়াজেদের ভাগ্নে শামসুল হক। এরপর তার মরদেহ ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। বিকেল তিনটার দিকে সেখানে তার তৃতীয় নামাজে জানাজা হয়। পীরগঞ্জ হাই স্কুল মাঠে জানাজার আগে ওয়াজেদ মিয়ার কফিন রাষ্ট্রীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার আগে ফতেপুর মাঠে ওয়াজেদের ভাগ্নে শামীম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন। ওয়াজেদ মিয়ার মরদেহ রোববার দুপুর একটার দিকে রংপুরের পীরগঞ্জে পৌঁছায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজা শেষে বেলা সাড়ে ১১টার একটু পর ওয়াজেদ মিয়ার মরদেহ নিয়ে পীরগঞ্জ রওনা করে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। এর আগে আরেকটি হেলিকপ্টারে করে বেলা ১১টার দিকে প্রয়াতের স্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের উদ্দেশে রওনা করেন। তিনি দুপুর সোয়া ১২টার দিকে পীরগঞ্জ পৌঁছে প্রথমে উপজেলা পরিষদ গেস্ট হাউজে অবস্থান করেন। সেখান থেকে দুপুর ২টা ১০ মিনিটে ফতেপুরে শ্বশুর বাড়িতে যান তিনি। আমেরিকায় বসবাসরত ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয় বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি। সোমবার ভোরে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরও জানান, ওয়াজেদ মিয়ার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল শারীরিক অসুস্থতার কারণে শিগগির দেশে ফিরতে পারছেন না। কয়েক দিন আগে তিনি মা হয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজেদ মিয়ার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন খতিব মুফতি মওলানা সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন। ব্যাপক লোক সমাগম হওয়ায় অনেকেই বায়তুল মোকাররম মসজিদের আশাপাশের এলাকা থেকে জানাজায় শরিক হন। জানাজার জন্য জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত মাইক লাগানো হয়। জানাজার পর রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওয়াজেদ মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জানাজার জন্য স্কয়ার হাসপাতাল থেকে ওয়াজেদ মিয়ার মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হয়। শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ মিয়া। তারপর তার মরদেহ ধানমণ্ডির বাসভবন সুধা সদনে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা তার মরদেহ রাখা হয়। এরপর রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়াজেদ মিয়ার বড় ভাই আব্দুল খালেক মিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জালিল ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এমকে আনোয়ার ও তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক প্রমুখ ঢাকার জানাজায় অংশ নেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এলএইচ/এমএ/এজে/জিএনএ/১৪০৫ ঘ.