২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার অন্তিম যাত্রা

ড. ওয়াজেদ মিয়ার মরদেহ রোববার দুপুর একটার দিকে তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে পৌঁছেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজা শেষে বেলা সাড়ে ১১টার একটু পর ওয়াজেদ মিয়ার মরদেহ নিয়ে রংপুর রওনা করে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 07:48 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

রংপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. ওয়াজেদ মিয়ার মরদেহ রোববার দুপুর একটার দিকে তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে পৌঁছেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজা শেষে বেলা সাড়ে ১১টার একটু পর ওয়াজেদ মিয়ার মরদেহ নিয়ে রংপুর রওনা করে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। এর আগে আরেকটি হেলিকপ্টারে করে বেলা ১১টার দিকে প্রয়াতের স্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের উদ্দেশে রওনা করেন। তিনি দুপুর সোয়া ১২টার দিকে পৌঁছান এবং এখন শ্বশুর বাড়িতে রয়েছেন। তৃতীয় আরেকটি হেলিকপ্টারে পীরগঞ্জ পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব রুহুল আমীন হাওলাদার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাংসদ শেখ হেলালসহ ১০ জন। পীরগঞ্জের গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে এ পরমাণু বিজ্ঞানীকে সমাহিত করা হবে। আগামী বৃহস্পতিবার বাদ আসর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে। আমেরিকায় বসবাসরত ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয় বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারছেন না। সোমবার ভোরে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরও জানান, ওয়াজেদ মিয়ার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল শারীরিক অসুস্থতার কারণে শিগগির দেশে ফিরতে পারছেন না। কয়েক দিন তিনি মা হয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজেদ মিয়ার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন খতিব মুফতি মওলানা সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন। ব্যাপক লোক সমাগম হওয়ায় অনেকেই বায়তুল মোকাররম মসজিদের আশাপাশের এলাকা থেকে জানাজায় শরিক হন। জানাজা উপলক্ষে জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত মাইক লাগানো হয়। জানাজার পর রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওয়াজেদ মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জানাজার জন্য স্কয়ার হাসপাতাল থেকে ওয়াজেদ মিয়ার মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হয়। শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারপর তার মরদেহ ধানমণ্ডির বাসভবন সুধা সদনে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা তার মরদেহ রাখা হয়। এরপর রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়াজেদ মিয়ার বড় ভাই আব্দুল খালেক মিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদার, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জালিল ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এমকে আনোয়ার ও তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক প্রমুখ জানাজায় অংশ নেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এলএইচ/এমএ/এজে/জিএনএ/১৩৪৬ ঘ.