চাঁদপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় চাচাতো ভাইকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার চাঁদপুরে তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সদর উপজেলার রামপুর ইউনিয়নের বড়সুন্দর গ্রামের খালেক মিজি।
হাকিম মোয়াজ্জেম হোসেন মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলা আসামিরা হলেন- বড়সুন্দর গ্রামের জিতু পাটওয়ারী, শামসুল পাটওয়ারী ও শাহজাহান পাটওয়ারী।
খালেক মিজি অভিযোগ করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তার চাচাতো ভাই খলিলুর রহমান স্থানীয় যুবকদের যুদ্ধে যেতে উৎসাহ জোগান।
খলিলুর মুক্তিযোদ্ধা সংগ্রহ করছেন- এমন খবর পেয়ে ওই বছরের ৮ এপ্রিল আসামিদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে ও ছুরিকাঘাতে জখম করে। পরদিন খলিলুর মারা যান।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখনও মামলা সংক্রান্ত ও আদেশের কাগজপত্র হাতে পাইনি। আদালতের নির্দেশ পেলে এ বিষয়ে তদন্ত করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৫৫৪ ঘ.
bdnews24