২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩ দিনে ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামে গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 07:33 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চাঁদপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামে গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে। এছাড়া একইগ্রামের প্রায় অর্ধশত ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ডায়রিয়ায় মৃতরা হলো, মুজিবের মেয়ে মারজাহান (৩), কামাল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (২৪), মৃত আব্দুর রশিদের স্ত্রী জয়নব বানু (৮০) ও আবুল কাশেম (৮০)। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মান্নান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উঘারিয়া গ্রামে ডায়রিয়ায় চারজন মারা গেছে এবং প্রায় অর্ধশত ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।" আক্রান্তদের মধ্যে রয়েছে, শাহনাজ বেগম (৭০) ও তার ছেলে আব্দুল হামিদ (৪০), আব্দুর রহিমের স্ত্রী শাহিদা (৩০), তার মেয়ে হালিমা (৬), হাবিবা (৮ মাস), আয়শা (৭০), মর্জিনা (২৫), কাজল (৩৫), রেহানা (২৫), তার মেয়ে আসমা (৬), আকলিমা (৫), সজিব (২), রুবেল (৯), হালিমা (১২), মাফিয়া বেগম (৪০), মমিন আলী (৩০), মরিয়ম (২৫), সালেহ আহমদ (৫৫), আকমল (৬), ফাহিমা (৮), আব্দুর রহমান (২), মারিয়া (১০), উম্মে সালমা (৪), ইয়াসমিন (৩), শিল্পী (২২), ফারুক (৩৫), ফাতেমা (৩৩), সুফিয়া (৬০) এবং নূর বক্স বাড়ির বাবুল (৩৮)। অসুস্থরা চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতাল, ঢাকার মহাখালীর আইসিডিডিআর,বি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে অসুস্থ ব্যক্তিদের পারিবারিক সূত্র জানিয়েছে। ডা. আব্দুল মান্নান আরো জানান, ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্য সহকারী মাসুদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ শুরু করেছে। চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করা, দূষিত পানি ব্যবহার এবং স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতার কারণে উঘারিয়া গ্রামসহ আশপাশের এলাকার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।" ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে খাবার স্যালাইন বিতরণ করেছেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৩৪ ঘ.