ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরের সন্ত্রাসীদের চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে।
এজন্য মহানগর পুলিশের সব জোন থেকে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে কমিশনার কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগর পুলিশের সব জোন থেকে সন্ত্রাসীদের তালিকা আমরা পেয়েছি। এই তালিকা যাচাই-বাছাই করে দেখার জন্য একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।"
যাচাই-বাছাই শেষে কমিটি তালিকাটি চূড়ান্ত করবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহেই তা প্রকাশ করা সম্ভব হবে।
দু'সপ্তাহ আগে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন মহানগর পুলিশ কমিশনার। এরপর থেকে সব জোনে তালিকা তৈরির কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এজে/টিআর/১৯৫০ ঘ.
bdnews24