ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর পুনর্গঠন বিষয়ে জনমত যাচাইয়ের কাজ চলছে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত একীভূত করে চলতি মাসেই কমিটির কাছে তা উপস্থাপন করা হবে।
বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত সীমান্তরক্ষী বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বুধবার একথা জানিয়েছেন।
বিডিআর বিদ্রোহের পর সরকারের এ সংক্রান্ত কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বে থাকা বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) মহাপরিচালক।
মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, "পুনর্গঠন বিষয়ে জনমত যাচাইয়ের জন্য আমরা পাঁচটি টার্গেট গ্র"পের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এর মধ্যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, আনসার, সশস্ত্রবাহিনী ও জেলা প্রশাসক। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য একীভূত করে এ মাসের মধ্যেই এ সংক্রান্ত কমিটির কাছে উপস্থাপন করা হবে।"
এরপর বিডিআর পুনর্গঠনের বিষয়ে সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এ বাহিনীর পুনর্গঠন বিষয়ে গঠিত উপ-কমিটির প্রধান মহাপরিচালক মইনুল ইসলাম।
মইনুল সাংবাদিকদের জানান, বিডিআর পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে অবহিত করতেই সমন্বয়কারী ফারুক খানের সঙ্গে তার এ বৈঠক।
দেশের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনের কথা উল্লেখ করে মইনুল ইসলাম বলেন, সীমান্ত এখনো সুরক্ষিত আছে। তিনি বলেন, "বিডিআর বিদ্রোহের পর থেকে সীমান্ত কখনও অরক্ষিত ছিল না। এখনও সুরক্ষিতই আছে। বর্ডারে যারা আছেন তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।"
পিলখানার ঘটনাকে 'জাতির অস্তিত্বের ওপর আঘাত' হিসেবে আখ্যায়িত করেন বিডিআর প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচসি/এএনএস/এসকে/২৩৫৬ঘ.
bdnews24