টাঙ্গাইল, ১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কবি ও সাংবাদিক আবু কায়সারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার।
২০০৫ সালের ১ মে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষাটের দশকের অন্যতম প্রধান এ কবি। তিনি শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত আবু কায়সার দৈনিক যুগান্তর এর সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে নিভৃতচারী আবু কায়সারকে তার ইচ্ছা অনুযায়ী টাঙ্গাইলের গ্রামের বাড়ি নন্দীর বেতকায় সমাহিত করা হয়েছিল। নন্দীর বেতকা গ্রামের বাড়িতেই পারিবারিকভাবে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে স্থানীয় মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক, সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক বিপ্লব, দৈনিক বাংলা ,গণকণ্ঠ, সংবাদ, ভোরের কাগজ ও যুগান্তরসহ প্রধান দৈনিক ও সাময়িকীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবু কায়সার। কবিতা, গল্প, উপন্যাস, জীবনী ও শিশুসাহিত্যসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ। লেখা অনুদিত হয়েছে হিন্দি, ইংরেজি, জার্মান,ফরাসী ও রুশ ভাষায়। অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮৬ ও '৮৯), মুক্তিযোদ্ধা লেখক পুরস্কার ও এম নুরুল কাদের ফাউণ্ডেশন শিশুসাহিত্য পুরস্কারসহ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০১০ঘ.
bdnews24