ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্রকে সুসংহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। শুক্রবার বিকেলে পল্টন ময়দানে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক-জনসভায় তিনি বলেন, "দেশে অনেক ষড়যন্ত্র চলছে। আমি আপনাদের সহযোগিতা চাই। এ ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রকে সুসংগত করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।" (বিস্তারিত আসছে)
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও অপশাসনের সমালোচনা করেন।
তিনি বলেন, " জোট সরকার দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে দেশে নানা সমস্যার সৃষ্টি করেছে। অনেক শিল্প কারখানা তারা বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎসহ নানাবিধ সমস্যা তাদেরই সৃষ্টি।"
এ সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী জনগণের কাছে সময় চেয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকেল ৫ টা ১০ মিনিটে সভাস্থলে এসে পৌঁছান। ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত তিনি ভাষণ দেন। চলতি বছরের ৬ জানুয়ারি সরকার গঠনের পর এ প্রথম শেখ হাসিনা কোনো জনসভায় ভাষণ দিলেন।
সরকার গঠনের পরপরই পল্টন ময়দানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তবে সেটি জনসভা ছিলো না। এর আগে সর্বশেষ গত বছরের ২৬ ডিসেম্বর পল্টনে একটি নির্বাচনী মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি।
ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিক লীগের শ্রমিক-জনসভা শুরু হয়।
এ জনসভা উপলক্ষে পল্টন ময়দানসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24