ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক।
তিনি বলেন, তবে পরিস্থিতির আরো উন্নতি হতে কমপক্ষে সাত থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের প্রতিমন্ত্রী বলেন, "কৃষি কাজে সেচের জন্য ব্যবহৃত এক হাজার ২০৭ মেগাওয়াট বিদ্যুতের পুরোটা প্রত্যাহার করতে আরো কমপক্ষে সাত থেকে ১৫ দিন লাগতে পারে। কারণ জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ ও রংপুরসহ কয়েকটি এলাকার সাংসদরা আরো কিছুদিন সেচ কাজে বিদ্যুৎ লাগবে বলে জানিয়েছেন।"
কৃষিকাজে ব্যবহৃত পুরো বিদ্যুৎ প্রত্যাহার করা সম্ভব হলে শহরের পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে জানান শামসুল হক।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতির ওপর সরকারিভাবে কড়া নজর রাখা হচ্ছে। রাত আটটার পর দোকান-পাট বন্ধ করা নিশ্চিত করা হয়েছে। ডিজেল ও পেট্রোল ফিলিং স্টেশন এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোকে কম বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। ফলে বিদ্যুতের ব্যবহারও কিছুটা কমে এসেছে।
শামসুল হক জানান, তিনি নিজেই গত কয়েকদিন বিভিন্ন মার্কেট, সুপার মার্কেট ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন। সেখানে বিদ্যুৎ ব্যবহার কমাতে তিনি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেছেন।
এতে ব্যবসায়ীরা নিজেরাই মাইকিং করে বিদ্যুৎ ব্যবহার কমাতে অন্যদের উৎসাহিত করছেন বলে তিনি দাবি করেন।
তিনি জানান, গ্যাস সরবরাহ না থাকায় চট্টগ্রামের রাউজান বিদ্যুৎ কেন্দ্রে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এতদিন বন্ধ ছিল। ওই এলাকার সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এতে রাউজান বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হয়। ফলে কেন্দ্রটি থেকে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, বুধবার পর্যন্ত দেশে বিদ্যুৎ উৎপাদিত হয় মোট তিন হাজার ৬৯৫ মেগাওয়াট। বুধবার রাতে কেন্দ্রটি চালু হওয়ার পর বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমান চার হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবারই এ পরিস্থিতির আরো উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, ঢাকা মহানগরী এলাকায় বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিসহ (ডিপিডিসি) অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সেচ কাজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে কি পরিমান বিদ্যুৎ পাওয়া যাবে, তা হিসাব করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/টিআর/২১৩৫ ঘ.
bdnews24