ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয় বাড়াতে ভিওআইপিকে বৈধতা দেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার টেলি যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি এক বৈঠকে আগামী তিন-চার মাসের মধ্যে এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এছাড়া মোবাইল সিম কার্ডের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারে টেলি যোগাযোগ মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে ওই কমিটি।
সাংসদ হাসানুল হক ইনুর সভাপতিত্বে বুধবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে ইনু বলেন, সরকারের উচিত দেশের প্রত্যন্ত অঞ্চলেও মাসিক ৩০০ টাকার বিনিময়ে গ্রাহকদের মধ্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, "অবৈধ ভিওআইপি ব্যবসাকে বৈধতা দিতে বিটিসিএলসহ এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোকে একটি সুপারিশমালা উপস্থাপন করতে বলা হয়েছে।"
আগামী তিন-চার মাসের মধ্যেই তাদেরকে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক ফোন কল থেকে প্রতিবছর বাংলাদেশের ১৬০০ কোটি টাকার বেশি আয় হয় জানিয়ে হাসানুল হক ইনু বলেন, "ভিওআইপি ব্যবসাকে বৈধতা দেওয়ার মাধ্যমে এই আয় আরো বাড়ানো যেতে পারে।"
আন্তর্জাতিক কলের খরচ আগের প্রতি মিনিটে ৪ সেন্ট থেকে ৩ সেন্টে কমিয়ে আনা উচিত বলেও মত দেন তিনি।
কমিটির সভাপতি জানান, মোবাইল ফোনের সিমের ওপর বর্তমান আমদানি শুল্ক এক দশমিক ২৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ৫০ সেন্টে নামিয়ে আনা উচিত।
ইনু বলেন, "কমিটির সদস্যরা সিমের ওপর ৮০০ টাকার বর্তমান কর প্রত্যাহারের প্রস্তাব করেছে।"
মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে ৩ হাজার টাকার কম দামের মোবাইল ফোনের ওপর থেকে কর প্রত্যাহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার অঙ্গীকারের কথা উল্লেখ করে ইনু বলেন, "এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে। এজন্য কমিটি ৩০০ টাকায় ইন্টারনেট দেওয়ার জন্য প্রস্তাব করেছে।"
এছাড়া ইন্টারনেটের জন্য ১৫ শতাংশ ভ্যাট বাদ দেওয়ার পক্ষেও মত দেন তিনি।
মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি করে সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। তবে মন্ত্রণালয়ের জন্য কমিটির পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩১০ঘ.
bdnews24