চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামের সিএনজি অটোরিকশা মালিকদের একটি অংশের উদ্যোগে বুধবার দুপুর ১২টা থেকে কিছু অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
তবে তৃতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রেখেছে চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়ন ও সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এর ফলে দুপুর পৌনে ১টা নগরীতে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়নি।
সিএনজি অটোরিকশা মালিক সমিতির একাংশের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা থেকে নগরীর দামপাড়া জমিয়াতুল ফালাহ এলাকা থেকে শতাধিক সিএনজি অটোরিকশা চলাচলা শুরু হয়েছে।
সোমবার আকস্মিকভাবে ডাকা ধর্মঘট চলাকালে অটোরিকশা চালকদের হাঙ্গামার ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে আরও তিন চালককে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মইনুল ইসলাম বিডিনিউজ জানান, মঙ্গলবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মঘটের পেছনে জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠনের যোগসূত্র খুঁজে পেয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মইনুল বলেন, "জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়েকজন নেতা পেছন দিক থেকে এ আন্দোলনে ইন্ধন যুগিয়ে থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"
চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাবি না পর্যন্ত তারা 'নিয়মতান্ত্রিক' আন্দোলন চালিয়ে যাবেন।
চট্টগ্রামের অটোরিকশা চালকদের দাবি, তারা মিটারে গাড়ি চালানোর নিয়ম মানবে না।
ওই দাবি মেনে নিতে প্রশাসনকে সোমবার থেকে ৯৬ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তাদের নেতা কামাল উদ্দিন ।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24