২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছাত্রলীগ কর্মীদের হামলায় চার পুলিশ আহত

বাগেরহাটে সোমবার রাতে ছাত্রলীগ কর্মীদের হামলায় চার পুলিশ আহত হয়েছে। শহরের দশানী পৌর পার্কে আনন্দ মেলার যাত্রা প্যান্ডেলে চেয়ারে বসা নিয়ে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

বাগেরহাট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে সোমবার রাতে ছাত্রলীগ কর্মীদের হামলায় চার পুলিশ আহত হয়েছে। শহরের দশানী পৌর পার্কে আনন্দ মেলার যাত্রা প্যান্ডেলে চেয়ারে বসা নিয়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- মুরাদ হোসেন (২৭), মাহমুদ হোসেন (২৫), মোস্তফা কামাল (৩৬) ও সিরাজুল ইসলাম (২৮)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই শহরের নাগেরবাজার ও মেলা এলাকা থেকে ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান আরমান (২৩), ছাত্রলীগ সমর্থক পলাশ (২৪) ও সুবলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, "শহরের দশানী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী আনন্দ মেলার যাত্রা প্যান্ডেলে রাত পৌনে দুইটার দিকে একদল যুবকের চেয়ারে বসা নিয়ে আয়োজকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় কর্তব্যরত পুলিশ হস্তক্ষেপ করলে তারা চলে যায়।" পরে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হামলা চালালে কনস্টেবল মুরাদ ও মাহমুদের ডান হাত ও কলার বোন ভেঙ্গে যায়। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের গোয়েন্দা শাখার প্রতিবেদন ও বাদির এজাহার অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ হোসেন আটক পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে বাগেরহাট থানায় মঙ্গলবার একটি মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়। বিচারক গাজী আব্দুর রহমান ৩০ এপ্রিল রিমাণ্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন বলেন, "ছাত্রলীগ নেতা আরমানসহ আটককৃতরা নির্দোষ। আরমান ওই রাতে মেলায় যায়নি। পুলিশ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাদের গ্রেপ্তার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫০ ঘ.