ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র তাপপ্রবাহে রংপুর, ভোলা ও গোপালগঞ্জে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে। রংপুরের গঙ্গচড়া থানার পুলিশ কনস্টেবল কোরবান আলী (৪২) মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলায় মারা গেছেন ইয়াছিন পাটওয়ারী (৬৫) নামের এক ব্যক্তি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামে প্রাণ হারিয়েছেন শওকত মিয়া (৩৫) নামে একজন।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি।
প্রায় এক সপ্তাহ ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে না। ব্যতিক্রম শুধু সিলেট বিভাগ। এ সপ্তাহ আগে সিলেট অঞ্চলে পরপর দু-তিন দিন বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে চলছে তীব্র তাপপ্রবাহ। পাল্লা দিয়ে গরম বাড়ছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও তাপমাত্রা আগের দিনের চেয়ে বেশি ছিল।
প্রচন্ড গরমে সারাদেশে ডায়রিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এ তীব্র তাপপ্রবাহ আরো দু'তিন দিন অব্যাহত থাকতে পারে বলে ঢাকার আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: সোমবার রাতে কর্তব্যরত অবস্থায় কনস্টেবল কোরবান আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল হাই জানান, মঙ্গলবার সকালে কোরবান আলী মারা গেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোতালেব হোসেন জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে কোরবান মারা গেছেন।
পুলিশ কনস্টেবল কোরবানের বাড়ির সিরাজগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে।
ভোলা: চরফ্যাশন উপজেলার সদরের বাসিন্দা ইয়াছিন পাটওয়ারী সোমবার রাতে হিটস্ট্রোকে মারা গেছেন। তিনি দলিল লেখক ছিলেন।
চরফ্যাশন থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. একরামুল কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরফ্যাশন বাজারের থানা রোডের দলিল লেখক কার্যালয়ে সোমবার রাতে কাজ করার সময় ইয়াছিন হিটস্ট্রোকে মারা যান।"
গোপালগঞ্জ: সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা গেছেন কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামে শওকত মিয়া (৩৫)। তিনি কোটালীপাড়া মেরী সিনেমা হলের লাইনম্যান ছিলেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. যদুনাথ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক পরীক্ষায় শওকত হিটস্ট্রোকে মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24